পুলিশি সম্মাননা পেল নিখোঁজ শিশুর জীবনরক্ষাকারী কুকুর

শুক্রবার বিকেলে কুইন্সল্যান্ড রাজ্যের একটি গ্রাম থেকে হারিয়ে যায় শিশু অরোরা। এরপর থেকে তার পরিবার ও জরুরি সহায়তা বিভাগ তাকে সারারাত ওই পাহাড়ি এলাকায় খুঁজে বেড়ায়। অবশেষে সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময়ও তার পোষা কুকুর ম্যাক্স শিশুটিকে পাহারা দিচ্ছিল।

উদ্ধারকারীরা জানায়, শিশুটিকে তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। তার আগের রাতে বৃষ্টি হলেও উদ্ধারের সময় শিশুটি সুস্থ ছিল। তবে শরীরে সামান্য কিছু আচড়ের দাগ পাওয়া গেছে। জরুরি সহায়তা বিভাগের সমন্বয়ক ইয়ান ফিপস অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি’কে বলেন, শিশুটির বাড়ির আশেপাশের এলাকাটি পাহাড়ি হওয়ায় সেখানে হেটে চলাচল করা খুব কষ্টকর। তাই শিশুটি তার বিশ্বস্ত কুকুরটিকে সঙ্গে নিয়ে চলাফেরা করতো।

শিশু অরোরার দাদা কেলি বেনস্টোন বলেন, অরোরার দাদী লেইসা প্রথমে তার আওয়াজ শুনতে পায়। তারপর সে প্রথমে ম্যাক্সকে দেখতে পায়। অরোরা তার পাশেই ছিল।

এদিকে ১৭ বছর বয়সী ব্লু হিলার জাতের কুকুর ম্যাক্সের এমন সাহসী ও বীরত্বপূর্ণ কাজের জন্য তাকে সম্মাননা দিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ। এ ঘটনার পর কুইন্সল্যান্ডের পুলিশ দ্রুতই কুকুরটিকে নিজেদের সংস্থায় অন্তর্ভূক্ত করার খবর জানায় তারা। স্থানীয় পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে শিশু অরোরার পরিবারের সঙ্গে ম্যাক্সের একটি ছবি প্রকাশ করেছে তারা। ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘ম্যাক্স কত ভাল ছেলে! তাকে খুঁজে পাওয়া পর্যন্ত নিরাপদ রাখার জন্য তুমি এখন থেকে সম্মানিত পুলিশ কুকুর।’



Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.