অভিনয় থেকে বিরতি

ঢাকাই চলচ্চিত্র শিল্পে যে ক’জন নায়িকা রয়েছে, যাদের প্রতি দর্শকদের আগ্রহ বেশি, তাদের মধ্যে অন্যতম মাহিয়া মাহি। চলচ্চিত্রের এ খরার সময়েও একের পর এক নতুন ছবিতে কাজ করছেন তিনি।

সম্প্রতি ‘ও মাই লাভ’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন এ নায়িকা। ছবিটি পরিচালনা করবেন আবুল কালাম আজাদ। ছবিতে মাহির বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন সেটি এখনও চূড়ান্ত না হলেও আগামী জুলাইয়ের শেষের দিকে শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এদিকে মাহি জানিয়েছেন, এ ছবির শুটিং শুরুর আগেই প্রায় দেড় মাসের জন্য অভিনয় থেকে ছুটিতে যাচ্ছেন তিনি। দেবরের বিয়ের জন্যই এ ছুটি। বিয়ের শপিং ও নিজের মতো করে সময়টা কাটাবেন তিনি।’

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘রোজার আগে অপুর (মাহির স্বামী) ভাইয়ের বিয়ে। এ বিয়ে নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হবে। তাই দেড় মাস অভিনয় করব না। তবে ডাবিং, টুকটাক এক-দু’দিনের কাজ থাকলে হয়তো করব। ঈদের পর আবার নতুন উদ্যেমে টানা কাজ করব।’ এদিকে বাপ্পি ও মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি মুক্তি পেয়েছে সম্প্রতি। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও ছবিটি প্রদর্শিত হচ্ছে প্রেক্ষাগৃহে।

অন্যদিকে মাহি ও সাইমন জুটি অভিনীত ‘জান্নাত’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও ‘অন্ধকার’ নামের একটি ছবিতেও শুটিং করছেন মাহি। এতে তার বিপরীতে অভিনয় করছেন ডিএ তায়েব।



Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.